দেশজুড়ে

পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ মামলার আসামি রাহুলকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে মাদক সম্রাজ্ঞী রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে রেললাইন থেকে পাথর তুলে পুলিশের ওপর হামলা চালায় তারা। পাথরের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল মাসুদ।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

ওসি মাকছুদুল আলম জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় পুলিশকে লক্ষ্য করে পাথর কুড়িয়ে ছুড়তে থাকে মাদক কারবারিরা। এতে কনস্টেবল মাসুদ আহত হলে সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে গ্রেপ্তার করা যায়নি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন