আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে চলমান মৃদু তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

বুধবার (১৬ সেপ্টেম্বর) দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে

আবহাওয়া অধিদপ্তর  আরও জানায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, চাঁদপুর, ফেনী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির প্রভাবে এই তাপপ্রবাহের তীব্রতা কিছু জায়গায় কমে আসতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন