জাতীয়

সৌরবিদ্যুৎ উৎপাদন করে প্রতি ইউনিট বিক্রি করা যাবে সাড়ে ১০ টাকায়

ছবি: সংগৃহীত

ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় বিক্রি করা যাবে সরকারের কাছে। এ সুবিধা পেতে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করতে হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রচারণামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারবেন। ব্যবহারের পর যে বিদ্যুৎ অতিরিক্ত থাকবে, তা জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।

এ জন্য প্রথমে ছাদের কতটুকু জায়গা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উপযোগী, তা নির্ধারণ করতে হবে। এরপর তালিকাভুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও ব্যাটারি স্থাপন করতে হবে। প্রয়োজনের সময় সৌরবিদ্যুৎ ও ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে। আর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করা হবে। এ অর্থ গ্রাহকের ব্যাংক বা মুঠোফোনভিত্তিক আর্থিক হিসাবে পাঠানোর ব্যবস্থা রয়েছে। নগদ অর্থ দেওয়ার সুযোগ নেই।

বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে পরবর্তী তিন বছর প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।

এর আগে ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, আগামী ছয় মাসের মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনবে। এ সুবিধা তিন বছর কার্যকর থাকবে বলেও তিনি জানান।

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসারে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন