রাজনীতি

সাত দফা পূরণ না হলে সরকার পতনের এক দফা : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান  হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চাই। সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডে দ্রুত বিচারসহ সাত দফা দাবির সমাধান করতে চাই। কিন্তু তা না হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণবিপ্লবের ডাক দেওয়া হবে। প্রয়োজনে সরকার পতনের এক দফার আন্দোলনের ডাক দিতে আমাদের বাধ্য করবেন না।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের মুড়লী মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। গণভোটের গণরায় নিয়ে আপনারা বেইমানি করেছেন। যা মেনে নেওয়া হবে না।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আট মাসেই সরকার দেশ ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে জায়গায় ছিল, সেখানে এখন ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র বদলায়নি। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি এবং সার, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১০ বছরেও যা হয়নি, এই সরকার আট মাসেই তা করেছে।

এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা এমন এক সময় কথা বলছি, যখন আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখায়। ক্রসফায়ার যদি দিতে হয় তাহলে যারা চাঁদাবাজি করছে তাদের দিতে হবে। যারা ফ্যামিলি কার্ডের নামে অনিয়ম করছে তাদের দিতে হবে। যারা চাকরির কথা বলে ঘুষ নেয় তাদের দিতে হবে ক্রসফায়ার।

পথসভায় ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন