ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৫৩ জন
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৩৯৪ জন। এছাড়া খুলনা বিভাগে ৩৪৯ জন, বরিশালে ১৮৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন, চট্টগ্রামে ১৭৫ জন, ময়মনসিংহে ৮৩ জন, রংপুরে ৫৩ জন, রাজশাহীতে ১৫৩ জন এবং সিলেটে নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ৫৭৯ জন।
এমএ//