ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে তৃতীয়বার প্রস্তাব পাস
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। মঙ্গলবারের ভোটে ২২০-২০৪ ব্যবধানে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর লক্ষ্য হলো কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এপি এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবের পক্ষে সব ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি সাতজন রিপাবলিকান ভোট দেন। এর আগে জুন ও জুলাইয়েও প্রতিনিধি পরিষদে একই ধরনের প্রস্তাব পাস হয়েছিল। তবে সেগুলোর কোনোটিই প্রেসিডেন্টের কাছে পৌঁছায়নি। এবারও প্রস্তাবটি সিনেটে অনুমোদন পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রস্তাবটির অন্যতম উদ্যোক্তা ডেমোক্র্যাট কংগ্রেসম্যান শেঠ মোল্টন বলেন, ট্রাম্প শুরুতে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা বললেও সংঘাত এরই মধ্যে অনেক দীর্ঘ হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ও সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তবে প্রস্তাবটির বিরোধিতা করেছেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান রিপাবলিকান ব্রায়ান মাস্ট। তিনি ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য চলমান হুমকি হিসেবে উল্লেখ করে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নেন।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে প্রায় সাত মাস ধরে সংঘাত চলছে। এ সময়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি সরবরাহে। যুদ্ধের ব্যয় ৩৮ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংঘাত দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ও মূল্যস্ফীতি নিয়েও যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ দেশটির রাজনৈতিক বিতর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
এমএ//