আন্তর্জাতিক

৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি, যুক্তরাষ্ট্রের অনুমোদন

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবিত চুক্তিটির মূল্য প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২ লাখ ৯৭ হাজার ৭৪৮ কোটি টাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে দেওয়া এক নোটিশে সম্ভাব্য এই অস্ত্র বিক্রির বিষয়টি জানিয়েছে।

প্রস্তাবিত চুক্তির আওতায় ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমানের পাশাপাশি ৪৯টি প্র্যাট অ্যান্ড হুইটনি এফ-১৩৫ ইঞ্জিন, সংশ্লিষ্ট সরঞ্জাম, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৫ সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ জানায় সৌদি আরব। একই বছরের নভেম্বরে ট্রাম্প জানিয়েছিলেন, সৌদি আরবের কাছে এ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়বে। পাশাপাশি দেশটির আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্র দেশের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় আরও কার্যকর করতেও এটি সহায়তা করবে।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, এই বিক্রির ফলে সৌদি আরবের বিমান হামলার সক্ষমতা বাড়বে। তবে যুক্তরাষ্ট্রের দাবি এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন