রিয়াদে বিমান বন্দরের কাছে বিস্ফোরণ ও আগুন, সতর্কতা জারি
সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে বিকট বিস্ফোরণ ও আগুনের ধোয়া দেখা গিয়েছে। এর আগে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষিতে রাজধানী ও এর আশপাশের এলাকায় সৌদি আরব সতর্কতা জারি করে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের ভিডিও ও ছবিতে দেখা যায় ওই এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি দেখা গেছে। যার সম্মুখভাগে বিমানবন্দরের মহাসড়ক, প্রধান টার্মিনাল ভবন ও অন্যান্য স্থাপনা দৃশ্যমান ছিল। ভিডিওর এক পর্যায়ে জ্বালানি ট্যাংকের মতো দেখতে কাঠামোর পেছন থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়।
সৌদি সিভিল ডিফেন্স শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক বা বিপদমুক্ত ঘোষণা করার আগে, রিয়াদ ও রাজধানীর পূর্বাঞ্চলীয় শহর আল-খারজে বিমান হামলার সম্ভাব্য ঝুঁকির বিষয়ে রাতে ফোন কলের মাধ্যমে সতর্কবার্তা পাঠিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক ঘোষণার আগেই রিয়াদের ওলায়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক বিস্ফোরণের শব্দ শুনতে পান।
যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরুর পর এ বছর রিয়াদে কিছু সতর্কবার্তা জারি করা হয়েছিল, তবে জুলাই মাসে হুথিদের সাথে সংঘাত বৃদ্ধির পর থেকে এটিই ছিল প্রথম সতর্কবার্তা।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল ও উত্তরাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণকারী হুথিরা জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকেই সৌদি আরবে হামলা চালিয়ে আসছে এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে লোহিত সাগরে অবস্থিত সৌদি জাহাজগুলোকে টার্গেট করা হয়েছে।
আই/এ