অপ্রতিম হত্যা, মোবাইল ছাড়া অন্য কারণ আছে কি না তা তদন্তের দাবি মায়ের
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ড কেবল আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশে নাকি অন্য কোন কারণে সেটি অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন ডা. নাহিদা। পাশপাশি অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি জানিয়েছেন কুবি শিক্ষক সমিতি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আয়োজন করে কুবি শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড. কামরুন নাহার শীলা বলেন, ‘আমি গতকাল রাত ১২টা পর্যন্ত ম্যাডামের (অপ্রতিমের মা) সঙ্গে ছিলাম। তিনি জানিয়েছেন চারজন অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ফাহাদ। সে প্রায় ১০ দিন আগে ম্যাডামের স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নিয়েছিল।’
তিনি বলেন, ‘ম্যাডাম যখন সহকারী প্রক্টর ছিলেন, তখন তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিলেন। ওই সময় তিনি কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। তাদের মধ্যে দুজন নাকি তুহিনের কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।’
তিনি আরও বলেন, অপ্রতিমের মা চান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক, ওই ঘটনার প্রতিশোধের জেরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে কি না। এ ছাড়া এসব ঘটনার সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তিনি।
মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা অপরাধ জোনে পরিণত হয়েছে। মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দ্রুত দমন করতে হবে। আমরা চাই, আমাদের পরিবারের আর কোনো অপ্রতিমকে যেন হারাতে না হয় এবং বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ আবাসস্থল হয়।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘অপ্রতিমকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বর্বরতার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
আই/এ