আন্তর্জাতিক

বেসামরিক নাগরিক হত্যা যুক্তরাষ্ট্র-ইসরাইলের জন্য ‘লজ্জাজনক’: পেজেশকিয়ান

বেসামরিক মানুষ হত্যার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতা নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান দাবি করেন, আধুনিক প্রযুক্তি, উন্নত সরঞ্জাম ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যেকোনো ধরনের অপরাধ সংঘটনের সক্ষমতা রাখে। অথচ তারা এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান হিসেবে তুলে ধরছে।

ইরানের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, মিনাবে নিহত নিরীহ শিশু শিক্ষার্থীরা কি সন্ত্রাসী ছিল? লামার্দের বাসিন্দারাও কি সন্ত্রাসী ছিলেন? সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করার দাবি করা হলেও বাড়িঘর, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হলে আসলে কাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে—সে প্রশ্নও তোলেন তিনি।

গাজার পরিস্থিতি নিয়েও ইসরাইলের সমালোচনা করেন পেজেশকিয়ান। তার অভিযোগ, গাজায় নারী, শিশু ও বয়স্কদের কাছে খাবার ও পানি পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে।

মানবাধিকারের পক্ষে থাকার দাবি করেও এমন পরিস্থিতি তৈরি করাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন