জাতীয়

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন দুই নেতা।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও বহুমুখী করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও এরদোয়ান। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন দুই নেতা।

বৈঠকে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে ভবিষ্যতে অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতার পরিধি বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সূত্র: বাসস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন