ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা ও মতবিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
সাক্ষাতের একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন ড. খলিলুর রহমান।
ছবির সঙ্গে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত মতবিনিময় হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতিসংঘ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আসছেন খলিলুর রহমান। বিশেষ করে নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে অবস্থান তুলে ধরেছেন তিনি। বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আফ্রিকার আরও কার্যকর অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ জুন খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে তার এক বছরের মেয়াদ।
এদিকে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল পর্বের সাধারণ বিতর্ক শুরু হয়েছে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিশ্বনেতারা বক্তব্য দিচ্ছেন। একই দিনে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসি//