আন্তর্জাতিক

পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

আঞ্চলিক সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। 

বুধবার (০৭ অক্টোবর) রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকের সময় তিনি এই প্রশংসা করেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বৈঠকে গুতেরেস ও আসিম মুনির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

এসময় সন্ত্রাসবিরোধী যুদ্ধে এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গুতেরেস। বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, জম্মু ও কাশ্মীর বিরোধ, ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসবাদ নিয়েও আলোচনা হয়।

আসিম মুনির আন্তর্জাতিক শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে গুতেরেসের নেতৃত্বে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহযোগিতা বাড়ায় জাতিসংঘের প্রশংসা করেন। 

মঙ্গলবার ইসলামাবাদে গেছেন গুতেরেস। সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি আঞ্চলিক সংঘাত নিরসনে পাকিস্তানের কূটনৈতিক প্রশংসা করেন।

গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ সৃস্টি এবং সংঘাত বন্ধে মধ্যস্থতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে। ইসলামাবাদ সমঝোতা স্মারকের মাধ্যমে পরবর্তী যুদ্ধবিরতি এবং আলোচনার কাঠামো তৈরি হয়েছে। এজন্য পাকিস্তানিদের গর্বিত হওয়া উচিত। 

এসময় বিশ্বে বিভাজন ও অবিশ্বাস বন্ধে বহুপাক্ষিকতা, সংলাপ, মধ্যস্থতা ও কূটনীতির গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের পাশে জাতিসংঘ আছে। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানের ব্যাপক দুর্ভোগ হয়েছে। হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন। তিনি আশাবাদ জানান, তারপরও পাকিস্তানের মানুষ ঘুরে দাঁড়াবে। 

বৈঠকে ফিলিস্তিন, জম্মু ও কাশ্মীর, আফগানিস্তান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং বহুপাক্ষিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেন গুতেরেস। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন