‘গোলান সিরিয়ার ভূখণ্ডই থাকবে’: আল-শারা
সিরিয়ায় ইসরাইলের ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত সিরিয়ায় প্রায় ৫০০টি বিমান হামলা, ১ হাজার ২০০টির বেশি অনুপ্রবেশ এবং ৩০০টি অভিযান চালিয়েছে ইসরাইল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আল-শারা বলেন, ইসরাইলের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে শান্তি ও নিরাপত্তার যে প্রবণতা দেখা যাচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এসব ঘটনা এমন একটি সময়ের কথা মনে করিয়ে দেয়, যা অনেক আগেই অতীত হয়ে গেছে বলে তারা মনে করেছিলেন।
সিরিয়া থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং ১৯৭৪ সালের চুক্তি মেনে চলার আহ্বান জানান আল-শারা। একই সঙ্গে সিরিয়ার ওপর একতরফাভাবে কোনো সিদ্ধান্ত বা পরিস্থিতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যানের কথাও বলেন তিনি।
আল-শারা বলেন, ইসরাইলের আগ্রাসন শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। তবে যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়, তাদের জন্য ন্যায়ভিত্তিক শান্তি প্রতিষ্ঠার সুযোগ এখনও রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গোলান মালভূমি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
আল-শারা বলেন, ‘গোলান সিরিয়ার ভূখণ্ডই থাকবে।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের আলোকে এ অবস্থান অটুট থাকবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক আইন মেনে চলা এবং নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবের ব্যাখ্যা পরিবর্তনের চেষ্টা থেকে বিরত থাকা দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান আল-শারা।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে গোলান মালভূমি দখল করে ইসরাইল। পরে ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয় দেশটি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের ওই পদক্ষেপকে স্বীকৃতি দেয়নি।