আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে সংস্থাটিকেই ‘অকার্যকর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জাতিসংঘকে ‘অকেজো’ ও ‘অকার্যকর’ সংস্থা হিসেবে তীব্র সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সংস্থাটির কার্যক্রম নিয়ে একের পর এক প্রশ্ন তোলেন তিনি।

মিলে বলেন, বিশ্বজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার রক্ষার যে দায়িত্ব জাতিসংঘের ওপর ছিল, সংস্থাটি তা পালনে ব্যর্থ হয়েছে।

তার অভিযোগ, এই ব্যর্থতার সুযোগে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা, সহিংসতা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিস্তারের ক্ষেত্র তৈরি হয়েছে।

জাতিসংঘের আমলাতান্ত্রিক কাঠামোরও কঠোর সমালোচনা করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

তার অভিযোগ, নিজেদের স্বার্থ রক্ষায় একশ্রেণির আমলা সংস্থাটিকে ব্যবহার করছেন। এতে সাধারণ মানুষের কল্যাণের বদলে একটি বিশেষ গোষ্ঠীর সুবিধাই নিশ্চিত হচ্ছে বলে দাবি করেন তিনি।

বক্তব্যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই বিরোধের বিষয়টিও তুলে ধরেন মিলে। যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের সার্বভৌমত্বের বিরোধে জাতিসংঘ যথাযথ ভূমিকা রাখছে না বলে অভিযোগ করেন তিনি।

মিলে বলেন, মালভিনাস ইস্যুতে জাতিসংঘ কার্যত নীরব থেকেছে। তার অভিযোগ, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের ঘটনায় শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক ব্যবস্থায় ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রশ্নের মুখে পড়ে।

জাতিসংঘে এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে মিলে’র তৃতীয় সাধারণ পরিষদে বক্তব্য। এবারের বক্তৃতায় সংস্থাটির দায়িত্ব, এর কার্যক্রম এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন