ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন: ট্রাম্পকে আল-শারা
সিরিয়ার দখলকৃত গোলান মালভূমি ইসরায়েলকে দেওয়ার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন নিজের দেশের অঙ্গরাজ্য নিউ জার্সি ইসরায়েলকে দিয়ে দেন—এমনই এক কৌতুকের কথা স্মরণ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এক আলোচনা সভায় ওই ঘটনার কথা স্মরণ করেন সিরিয়ার প্রেসিডেন্ট।
আল-শারা জানান, হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির প্রসঙ্গ তুলেছিলেন। তখনই তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘ইসরায়েলকে জমি দিতে আপনার যদি এতই আগ্রহ থাকে, তবে নিউ জার্সি দিয়ে দিচ্ছেন না কেন? নিউ জার্সি তো ডেমোক্র্যাটদের অধীনে এবং তারা আপনাকে ভোটও দেয় না।’
আল-শারা বলেন, নিউ জার্সির বিষয়ে ট্রাম্পের রাজনৈতিক এখতিয়ার থাকতে পারে, কিন্তু গোলান মালভূমির মালিক তিনি নন। সিরিয়া কিংবা যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টেরই এই ভূখণ্ড অন্য কাউকে দেওয়ার অধিকার নেই। গোলান মালভূমি সেখানকার জনগণের।
তবে কৌতুকের পাশাপাশি ট্রাম্পের প্রশংসাও করেন সিরিয়ার প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার পাশে দাঁড়িয়েছেন এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।’
ট্রাম্পের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও কথা বলেন আল-শারা।
তিনি বলেন, ‘আমি তাকে অনেক সম্মান করি এবং তার সঙ্গে আমার বিশেষ একটি সম্পর্ক রয়েছে।’
গোলান মালভূমি নিয়ে সিরিয়া ও ইসরায়েলের বিরোধ দীর্ঘদিনের। ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে অঞ্চলটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। ১৯৮১ সালে ইসরায়েল একতরফাভাবে গোলানকে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৯৭ নম্বর প্রস্তাবে ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়।
আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে উল্লেখ করে ইসরায়েলকে সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কোনো পক্ষের একতরফা পদক্ষেপের মাধ্যমে গোলানের অবস্থান পরিবর্তন করা যাবে না।
বিশ্বের অধিকাংশ দেশ গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। তবে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে সেখানে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি নিয়ে সিরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের বড় ধরনের পার্থক্য রয়েছে।
সূত্র: আল জাজিরা
এসি//