আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলায় একটি পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানায়, ডিআই খানের আমান মেলা এলাকার একটি চেকপোস্টে বিস্ফোরণটি ঘটে। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালান উদ্ধারকর্মীরা।

পুলিশ জানিয়েছে, মুঘল কোট ও দারাজিন্দার কাছে ডিআই খান-কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে হামলাটি হয়। এলাকাটি খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তসংলগ্ন।

বিস্ফোরণের কারণ ও ধরন শনাক্ত করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পুলিশ ও কাস্টমসের কয়েকজন সদস্যের পাশাপাশি দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

রেসকিউ ১১২২ জানিয়েছে, আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১৮ জনকে দারাজিন্দা ও ডিআই খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করতে ডিআই খান থেকে আরও চারটি অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় জনবল পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা জরুরি কর্মকর্তা মোহাম্মদ আরিফ খান।

ডিআই খান-কোয়েটা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহনে তল্লাশি চালানোর জন্য চেকপোস্টটি ব্যবহার করত পুলিশ।

এদিকে সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একাধিক হামলার পর প্রদেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) হিসাবে, আগস্টে খাইবার পাখতুনখোয়ার মূল ভূখণ্ডে ৫৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জুলাইয়ে এ সংখ্যা ছিল ৩৬টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে হামলার সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন