আন্তর্জাতিক

মদের দোকানে ঢুকে ছিপি খুলে মদ পান, মেঝেতেই ঘুম বানরের

ছবি: সংগৃহীত

মদের দোকানে ক্রেতার ভিড়, তাকজুড়ে সাজানো নানা ব্র্যান্ডের বোতল। হঠাৎ সেখানে হাজির এক অদ্ভুত ‘ক্রেতা’—একটি বানর। দোকানে ঢুকে নিজের পছন্দমতো একটি বোতল নিয়ে ছিপি খুলে মদ পান, এরপর দোকানের মেঝেতেই ঘুম। ভারতের রাঁচিতে বানরের এমন কাণ্ডে রীতিমতো কৌতূহল তৈরি হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝির ব্লক চৌক এলাকার একটি মদের দোকানে এ ঘটনা ঘটে। দোকানে ঢোকার পর বানরটিকে তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। তবে একপর্যায়ে সেটি একটি মদের বোতল নিয়ে পান করতে শুরু করে। পরে দোকানের মেঝেতে শুয়ে পড়ে প্রাণীটি।

বানরের এমন কাণ্ড দেখতে দোকানের সামনে ভিড় জমে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দোকানের ভেতরে তাণ্ডব চালায় সেটি। এ সময় বানরটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা এক কর্মীকে কামড়ে দেয় বলেও স্থানীয়দের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ ও বিরসা মুন্ডা জৈবিক উদ্যানের উদ্ধারকারী দল। বেশ কয়েকবার চেষ্টা চালানোর পর বানরটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বানরের মদ পান ও দোকানের ভেতরে ঘুমিয়ে পড়ার বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন