বিয়েবাড়িতে যাওয়ার পথে ট্রলারডুবি, ৪ দিন পর মিলল হেলালের মরদেহ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়েবাড়িতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের চার দিন পর হেলাল উদ্দিন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের রতনপুর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি হেলাল উদ্দিনের বলে শনাক্ত করেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে রতনপুর সেতুর নিচে মেঘনা নদী থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন।
এর আগে ট্রলারডুবির ঘটনায় হেলাল উদ্দিনসহ একই পরিবারের চারজন নিখোঁজ হন। শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ওই পরিবারের আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
উদ্ধার হওয়া তিনজন হলেন—সামিনা (১৭ বছর), সজিব (২৪ বছর) এবং সামিন (৫ বছর)। রাত ২টা ৫৫ মিনিটের দিকে সামিনার মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টা ১০ মিনিটের দিকে বৈদ্যেরবাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে সজিব ও সামিনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে কুমিল্লার হোমনা থেকে স্বজনদের সঙ্গে ট্রলারে করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হারিয়া এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা।
বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকায় যাওয়ার পথে মেঘনা নদী পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা যাত্রীরা নদীর পানিতে পড়ে যান। এরপর নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয়রা।
এসি//