আন্তর্জাতিক

এবার নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করবেন তারই দেশের সাবেক গোয়েন্দাপ্রধান

সতর্ক করেছিলেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী তা শোনেননি। এমন অভিযোগ তুলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক অভ্যন্তরীণ গোয়েন্দাপ্রধান রোনেন বার।

রোনেন বারের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে তিনি নেতানিয়াহুকে বড় ধরনের বিপদের বিষয়ে সতর্ক করেছিলেন। একই সঙ্গে সীমান্তের নিরাপত্তা জোরদারের পরামর্শও দিয়েছিলেন। কিন্তু তার অভিযোগ, এসব সতর্কতা ও পরামর্শ উপেক্ষা করেছিলেন প্রধানমন্ত্রী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে দ্য টাইমস অব ইসরাইল জানায়, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার পাশাপাশি রোনেন বার ৭ অক্টোবরের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ও বিদেশি নেতাদের বৈঠকের নথি প্রকাশের দাবি জানিয়েছেন। তার আইনজীবীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়ারও দাবি জানাবেন।

তবে রোনেন বারের অভিযোগ অস্বীকার করেছেন নেতানিয়াহু।

তার দাবি, হামলার আশঙ্কা সম্পর্কে রোনেন বার জানতেন, কিন্তু প্রধানমন্ত্রীকে তা জানাননি। একই সঙ্গে মিসরের পক্ষ থেকে কোনো আগাম সতর্কবার্তা পেলেও ইসরাইলের কোনো গোয়েন্দা কর্মকর্তা তাকে বিষয়টি জানাননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। এই দাবিগুলো নিয়ে নেতানিয়াহুও মানহানির মামলা করার কথা জানিয়েছেন, তবে কাদের বিরুদ্ধে মামলা করবেন তা জানাননি।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে সংযুক্ত আরব আমিরাতের সতর্কবার্তার বিষয়টি।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎসের এক প্রতিবেদনে দাবি করা হয়, ৭ অক্টোবরের আগে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহু এই দাবি অস্বীকার করেছেন এবং এর আগে ওই প্রতিবেদন নিয়ে হারেৎসের বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন।

এই বিতর্কের মধ্যেই গত রোববার (২৭ সেপ্টেম্বর) গোপনে আবুধাবি সফর করেন নেতানিয়াহু। সেখানে শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে ৭ অক্টোবরের আগে আমিরাতের সতর্কবার্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদন অস্বীকার করতে আমিরাতের নেতাকে অনুরোধ করার বিষয়টি উঠে এসেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় সফরের এই উদ্দেশ্য অস্বীকার করেছে।

পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দুই নেতার বৈঠকের বিষয়টি নিশ্চিত করে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা জানায়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। তবে ৭ অক্টোবরের আগে নেতানিয়াহুকে সতর্ক করার প্রতিবেদন অস্বীকার করতে শেখ মোহাম্মদকে অনুরোধ করা হয়েছিল—এমন কোনো তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। ওই হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। হামলার আগে কার কাছে কী সতর্কবার্তা পৌঁছেছিল এবং সেগুলো কীভাবে নেওয়া হয়েছিল—এ নিয়ে ইসরাইলে এখনো বিতর্ক চলছে। আর এই বিতর্কের মধ্যেই নেতানিয়াহু ও রোনেন বারের পাল্টাপাল্টি মানহানির মামলার হুমকি বিষয়টিকে আরও সামনে নিয়ে এসেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন