নুসরাতের বাড়িতে আগুন: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের আট নেতার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে এজাহার জমা দেন নুসরাত তাবাসসুম। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে নিষিদ্ধ কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয় রয়েছে।
এছাড়া কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকেও আসামি করা হয়েছে।
এর আগে গেল বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংসদ সদস্যের অভিযোগ, পেট্রলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে টিনশেড বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায়। মারা যায় দুটি ছাগলও।
তবে ঘটনাস্থলে পেট্রলবোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পায়নি পুলিশ ও ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ বাড়িটিতে আগুন দিয়ে থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন। এর ভিত্তিতে দৌলতপুর থানায় অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
এমএ//