যাত্রীবাহী বাসে মিলল ৯৪ চোরাই মোবাইল, আটক ৮
বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানে চুরির পর পালিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ চোরচক্রের আট সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
আটককৃতরা হলেন—রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। পুলিশের দাবি, তারা বিভিন্ন জেলার বাসিন্দা এবং আন্তঃজেলা চোরচক্রের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, বুধবার ভোরে ধুনটের মাসুদ টেলিকমে চুরির ঘটনা ঘটে। শাটার কেটে দোকানে ঢুকে বিপুলসংখ্যক মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা। পরে দুটি সিএনজি অটোরিকশায় করে তারা শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।
চুরির খবর পেয়ে তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে পুলিশ। পরে যমুনা সেতু পশ্চিম এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে আটজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ৯৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে অভিযান চালানো হয়। অভিযানে আটজনকে আটক করে তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে মাসুদ টেলিকমের মালিক মাসুদ রানা জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর বুধবার সকালে মার্কেটের নৈশপ্রহরী তাকে ফোন করে শাটার খোলা ও তালা কাটা থাকার কথা জানান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।
এ ঘটনায় বগুড়ার ধুনট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমএ//