দেশজুড়ে

ধর্ষণচেষ্টার সময় ব্লেড দিয়ে বৃদ্ধের লিঙ্গে আঘাত করলো কিশোরী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মকবুল হোসেন (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ সময় আত্মরক্ষার্থে কিশোরী তার ব্যবহৃত একটি পুরোনো ব্লেড দিয়ে ওই ব্যক্তি লিঙ্গ কেটে দিয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী রাত ৯ টার দিকে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,  মকবুল হোসেন ওই কিশোরীর প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিলেন এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন আসছিল। বিষয়টি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। কিশোরী তা প্রত্যাখ্যান করলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দিয়ে মকবুল চলে যান।

পরে সন্ধ্যা ৭ টা দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ আদায় করার সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন । এ সময় কিশোরী আত্মরক্ষার জন্য ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে অভিযুক্ত বৃদ্ধের লিঙ্গ আঘাত করলে তিনি আহত হন। পরে তিনি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে মোকবুলের খোঁজ নিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তাঁর চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে।

তবে স্থানীয় আব্দুর রহমানসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, আহত ওই ব্যক্তি গোপনে লালমনিরহাট অথবা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তাঁদের দাবি, ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

এসআই ইকবাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন