রাজধানী

রাজধানীতে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের সঞ্চয় ছিনতাই

রাজধানীতে ‘পুলিশের পরিচয়ে’ সৌদি প্রবাসী ওমর ফারুকের কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে সঞ্চয় করা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইকারীরা নিয়ে গেছে।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানাধীন গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যান সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ভুক্তভোগী জানান, ভোর পৌনে ৫টার দিকে বিমানবন্দর থেকে সব ধরণের কার্যক্রম শেষ করে কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের বাড়ির উদ্দেশে একটি প্রাইভেটকার ভাড়া করে বাবা ও চাচাত দুই ভাইকে নিয়ে রওনা দেন।

প্রাইভেটকারটি গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল পার হয় ভোর ৫টা ৬ মিনিটের দিকে। এরপর বামে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি হায়েস গাড়ি এসে তাদের গাড়ির সামনে দাঁড়ায়। হায়েস থেকে চার-পাঁচজন লোক নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেন।

ওমার জানান, লোকগুলো শুদ্ধ ভাষায় কথা বলছিল। ফলে প্রথমে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হয়নি। কিছুক্ষণ পরই তারা গাড়ির চাবি নিয়ে নেন। এরপর তল্লাশির নামে তার কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তবে ওমারের মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস তারা নেননি।

ছিনতাই শেষে  ছিনতাইকারীরা “সোজা যা, কোনো চিল্লাচিল্লি করবি না।” বলে হুমকি দেয়। এসময় তাদের একজনের হাতে ছুরিও দেখতে পান ওমর। আরেকজনের হাতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত লাইট স্টিক।

ওসি মনিরুল ইসলাম  বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে মামলা গ্রহণ করা হবে।”

কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে ওমার সবার ছোট। ভাগ্য ফেরাতে ২০২০ সালে সৌদি আরবে যান তিনি। ছেলের এমন ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন ওমরের মা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন