জাতীয়

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনব্যাপী আয়োজনে রয়েছে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া শিশুদের স্মারক উপহার দেওয়া হবে। উন্মোচন করা হবে শিশু একাডেমির স্মরণিকা ‘শৈশব’।

ভিডিও সম্মেলনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়েরও আয়োজন রয়েছে। পাশাপাশি শিশুদের আঁকা ছবি ও আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।

মূল অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ভবনের নিচতলায় স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও বৈদ্যুতিক উপকেন্দ্র উদ্বোধন করবেন তিনি।

এবারের শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী আয়োজনের প্রতিপাদ্য—‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন