পালানোর মামলায় আদালত থেকে আবারও পালালেন খুনের আসামি শরিফুল
গত বছর ঢাকার আদালত থেকে পুলিশকে কামড় দিয়ে পালিয়েছিলেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। ওই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় আদালতে হাজিরের পর আবারও পালিয়েছেন শরিফুল। তার বাড়ি দিনাজপুরে। বাবার নাম শফিক আহমেদ। শরিফুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা আছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২ টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে একপর্যায়ে আদালতককক্ষ থেকে পালিয়ে যান শরিফুল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আদালতকক্ষ থেকে শরিফুল কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত হবে। মামলা হবে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আজ এ মামলার শুনানি ছিল। আসামি শরিফুলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আবদুল আলিম।
এর আগে, খিলগাঁও থানার হত্যা মামলায় ২০২৫ সালের ১৯ জুন শরিফুলকে কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়েছিল। সেদিন তিনি পুলিশের এক সদস্যকে কামড় দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছিলেন।
আই/এ