জাতীয়

প্রধান সড়কে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে হবে: সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকা শহরে অটোরিকশার সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই ব্যাটারিচালিত রিকশার নীতিমালার আলোকে প্রধান সড়কে এসব যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, অটোরিকশার কারণে ঢাকার স্বাভাবিক যান চলাচলের গতি ব্যাহত হচ্ছে। তাই এসব যানকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, অটোরিকশা চালকরা দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত। ফলে এ উদ্যোগে তাদেরও কষ্ট হবে। তবে বৃহত্তর স্বার্থে সবাইকে এই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে হবে।

শেখ রবিউল আলম আরও বলেন, ঢাকা শহরে অটোরিকশা যেভাবে যত্রতত্র ও নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে, তা একটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে এবং কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকাকে অচল হতে দেওয়া হবে না।

ধানমন্ডি লেকের বিষয়ে তিনি বলেন, সংস্কারকাজ শেষে সেখানে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দুটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। লেকে ময়লা না ফেলা এবং নিজ শহর পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বর্ষাকালে জলাবদ্ধতাকে ঢাকার অন্যতম বড় সমস্যা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন