নোবেল শান্তি পুরস্কার আমারই প্রাপ্য: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার তারই পাওয়া উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের পুরস্কার তিনি পাবেন কি না, তা নিয়ে নিজেরই সন্দেহ রয়েছে বলে জানিয়েছেন তিনি। নরওয়েজিয়ান নোবেল কমিটির পুরস্কার দেওয়ার ধরন নিয়ে মন্তব্য করে ট্রাম্প বলেন, তার মতো ব্যক্তিদের পুরস্কার না দেওয়ার ‘সুনাম’ রয়েছে কমিটির।
স্থানীয় সময় বুধবার (০৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান তিনি।
আগামী শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি চলতি বছরের শান্তি পুরস্কার ঘোষণা করবে। পুরস্কার নিয়ে ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমি জানি না। আমার মতো মানুষদের পুরস্কার না দেওয়ার একটা ‘সুনাম’ তাদের আছে।’
দ্বিতীয় মেয়াদে গেল বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে নিজের প্রত্যাশার কথা বলে আসছেন ট্রাম্প।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন তো সেই সময় এসে গেছে। গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি নিজেও বলেছিলেন, ইতিহাসে আর কেউ প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য নন। তার কাছ থেকে পরোক্ষভাবে পুরস্কারটি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করেছি।’
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো চলতি বছরের জানুয়ারিতে তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদক ট্রাম্পকে দেন। ভেনেজুয়েলায় নিজের রাজনৈতিক প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তিনি।
ট্রাম্পের দাবি, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্বজুড়ে আটটি সংঘাত বন্ধ করেছেন। তার মতে, এ কারণেই নোবেল শান্তি পুরস্কার তার পাওয়া উচিত।
কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারাও এর আগে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানিয়েছেন।
এমএ//