দুবার প্রাণঘাতী ইনজেকশনেও মৃত্যু হয়নি, জ্ঞান ফিরে আসামির প্রশ্ন ‘আমি কোথায়?’
দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইকের। গত ৩০ সেপ্টেম্বর তাকে পেন্টোবারবিটাল ইনজেকশন দেয়া হলেও মৃত্যুর বদলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় জ্ঞান ফেরার পর ক্রিস্টা পাইকের প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কোথায়?’ এরপর তিনি জানতে চান, ‘আপনি কে?’
পাইকের আইনজীবী র্যান্ডি স্পাইভি জানিয়েছেন, জ্ঞান ফেরার পর তিনি প্রচণ্ড রাগান্বিত ও বিভ্রান্ত ছিলেন। তার দুই হাত ফুলে গেছে। একটি হাতে রক্ত জমাট বেঁধেছে। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং খাবার গিলতেও পারছেন না।
১৯৯৫ সালে ১৯ বছর বয়সী কলিন স্লেমারকে হত্যার দায়ে ক্রিস্টা পাইককে মৃত্যুদণ্ড দেয়া হয়। হত্যাকাণ্ডের সময় তার প্রেমিক টাডারিল শিপও এই ঘটনায় জড়িত ছিলেন। তখন শিপের বয়স ছিল ১৭ বছর হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়নি। তিনি এখনো কারাগারে আছেন।
ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের পর কয়েক দিন পর্যন্ত পাইককে মস্তিষ্কের দিক থেকে মৃত বলে ধারণা করা হয়েছিল। এমনকি তাকে কৃত্রিম জীবনধারণ ব্যবস্থা থেকে সরিয়ে নেয়ার প্রস্তুতিও শুরু হয়েছিল। তবে চিকিৎসকদের ধারণাকে পাল্টে দিয়ে গত মঙ্গলবার, ৬ অক্টোবর হঠাৎ কথা বলতে শুরু করেন তিনি।
এর পরদিন, ৭ অক্টোবর জরুরি শুনানিতে মৃত্যুদণ্ড কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে প্রাণঘাতী ইনজেকশনের নল, সিরিঞ্জ, প্যাকেট, নির্দেশনাপত্র ও লেবেল। একই সঙ্গে পাইকের মানসিক অবস্থা-সংক্রান্ত নথিও চেয়েছেন আদালত।
এদিকে ব্যর্থ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি। চলতি বছরের বাকি সময় অঙ্গরাজ্যে সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় টেনেসির কারা বিভাগের প্রধানও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে পাইকের আইনজীবীদের অভিযোগ, হাসপাতালে তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাধা দেয়া হচ্ছে। এমনকি চিকিৎসকদের আপত্তি থাকা সত্ত্বেও তাকে হাসপাতালের বিছানার সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরও মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া এবং পরে তার জ্ঞান ফিরে আসার ঘটনায় এখন টেনেসির মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
সূত্র: বিবিসি
এসি//