আন্তর্জাতিক

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ স্থলে ইন্টারনেট বন্ধ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলের

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আগামীকালের নির্ধারিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় সব ধরনের মোবাইল ইন্টারনেট সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেছে দিল্লি পুলিশ। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে ইন্টারনেট বন্ধের এই নির্দেশ কার্যকর হয়েছে।

দিল্লি পুলিশের উপ-কমিশনারের কার্যালয় থেকে মোবাইল অপারেটরদের পাঠানো এক নির্দেশে জানানো হয়, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর বিধান অনুযায়ী জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ৯ অক্টোবর রাত ১০টা থেকে ১০ অক্টোবর রাত ১০টা পর্যন্ত সব প্রযুক্তির মোবাইল ইন্টারনেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলীয় সাংসদরা সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত একটি পদযাত্রা করেন। সেখানে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন।

সংসদের সেন্ট্রাল হলে ‘ইন্ডিয়া’ জোটের প্রায় ১৫০ জন নেতার বৈঠকের পরই এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। ১৬টি বিরোধী দলের নেতারা যৌথভাবে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেন, যেখানে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) কার্যপদ্ধতি ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় আনুষ্ঠানিকভাবে এই নথিটি জমা দেওয়ার কথা ছিল।

নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ডাকা বিক্ষোভ কর্মসূচির ঠিক আগেই এই ঘটনাটি ঘটল।

এদিকে নিরাপত্তার শংকায় দিল্লির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল তাদের সকল ক্লাস অনলাইনে নেয়ার ঘোষণা দিয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন