ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আবারও আটক
পতাকা মার্চের আগে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে কে আটক করেছে দিল্লি পুলিশ। এর আগে সকালে দিল্লি পুলিশ দীপকের বাড়িতে পৌঁছায় এবং তাকে মিছিল না করার বিষয়ে একটি নোটিশ দেয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে দীপকের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এতে বলা হয়, দিল্লিতে 'লেহরা দো তিরাঙ্গা' (পতাকা উত্তোলন) র্যালিতে যোগ দেওয়ার ঠিক কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়।
বিএনএস (BNS)-এর ১৬৩ ধারার অধীনে জারি করা দিল্লি পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র ‘কনট প্লেস’ (Connaught Place) এলাকায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এতে আরও সতর্ক করা হয়েছে যে, প্রস্তাবিত ‘তিরঙ্গা যাত্রা’র জন্য নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC) কোনো অনুমতি দেয়নি; তাই সিজেপি (CJP) যদি এই মিছিল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এক সপ্তাহের মধ্যে এটি দীপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে, মুম্বাই থেকে বিমানে করে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাঁকে আটক করা হয়েছিল। নির্বাচনী তালিকার 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর)-এর সময় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন।
আই/এ