আন্তর্জাতিক

ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রেপ্তারের পর রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় তাদের। পরে নির্দিষ্ট শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।

মুক্তির শর্ত অনুযায়ী, আগামী এক বছর তারা কোনো ধরনের শান্তিভঙ্গের ঘটনায় জড়াতে পারবেন না।

সিজেপির আইনি দলের প্রধান রত্না সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তি পাওয়ার পর রাঙ্কা জানিয়েছেন, রোববার দুপুর ২টায় তারা সংবাদ সম্মেলন করবেন।

তিন নেতার মুক্তির পর একটি বিবৃতি প্রকাশ করেছে সিজেপি।

এতে বলা হয়, ‘‘আরশোলারা কখনও মরে না। অবশেষে দীপকে, সৌরভ এবং রাঙ্কাকে ছাড়তে বাধ্য হল দিল্লি পুলিশ।’’

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লিতে আন্দোলনে যোগ দিতে শনিবার সকালে মুম্বাই থেকে রাজধানীতে পৌঁছান সিজেপির এই তিন নেতা। সকাল ১০টা ১৯ মিনিটে তাদের বহনকারী উড়োজাহাজ দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজের ভেতর থেকেই তাদের আটক করে পুলিশ।

তিন নেতার মুক্তি চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিজেপি। তবে আদালতের দ্বারস্থ হওয়ার পর মামলার নিষ্পত্তির আগেই তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার সকাল থেকে দীপকে, রাঙ্কা ও সৌরভের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তাদের পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। এর মধ্যেই শনিবার দীর্ঘদিন অসুস্থ থাকার পর দীপকে-র ঠাকুমা মারা যান। দিল্লি পুলিশের দাবি, তার ঠাকুমার মৃত্যুর খবর দীপকে-কে জানানো হয়েছিল।

এদিকে যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ইউটিউবার ধ্রুব রাঠীকেও আটক করে পুলিশ। শনিবার সকালে গুরুগ্রামে তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া শুক্রবার রাত থেকে শনিবার দিনভর দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। এ সময় প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয়। তাদের অধিকাংশকেই শনিবার রাতের মধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন দীপকে-সহ সিজেপির নেতারা।

তিন নেতাকে আটক করা হলে আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে আগে জানিয়েছিলেন অজিঙ্ক শিন্দে। বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। রোববার বিকেলে সেখানকার শিবাজি পার্কে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

একই সঙ্গে সিজেপির পক্ষ থেকে আবারও যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তিন নেতার মুক্তির পর নতুন করে এই কর্মসূচি ঘিরে দলটির পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।

সূত্র: এনডিটিভি

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন