জাতীয়

সরকারি ছুটি ঘোষণা করে জাতীয় দিবস পালনে নতুন পরিপত্র

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের পাশাপাশি দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি ব্যয় কমানো এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়াতে দিবস পালনে সংযম ও সীমিত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে নতুন পরিপত্র জারি করে। এর মধ্য দিয়ে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন পরিপত্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত জানিয়ে ওই দিন সরকারি ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের প্রধান উৎসব ছাড়া অন্যান্য দিবস পালনে অপ্রয়োজনীয় ব্যয় ও জাঁকজমক এড়িয়ে চলতে হবে। এ ক্ষেত্রে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে।

দিবস পালনে প্রাতিষ্ঠানিক আলোচনা ও মতবিনিময়কে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য বেতার ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচার করা যাবে। পাশাপাশি সীমিত পরিসরে সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হতে পারে—এমন সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। সরকারি দপ্তরের স্বাভাবিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা রয়েছে।

কোনো বিশেষ সপ্তাহ পালনের ক্ষেত্রে সাধারণভাবে কর্মসূচি সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা নিয়মিত দাপ্তরিক সময়ের পর আয়োজনের চেষ্টা করতে হবে। তবে অর্থ বা উপকরণ ব্যয় ছাড়াই আয়োজন করা সম্ভব হলে তা ছুটির দিন কিংবা সাধারণ কর্মদিবসেও করা যাবে।

এ ছাড়া দিবস বা সপ্তাহ পালনের জন্য জেলা পর্যায় কিংবা রাজধানীর বাইরের দপ্তর থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনার প্রবণতা যথাসম্ভব কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একই ধরনের দিবসগুলো একসঙ্গে পালনের নির্দেশনাও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, বিষয়বস্তুতে মিল থাকলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবসকে প্রাধান্য দিয়ে জাতীয় দিবসগুলো একই তারিখে একত্রে পালন করতে হবে।

প্রয়োজনে এ বিষয়ে বিস্তারিত সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। পরিপত্রে দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন