সরকারি গুদাম থেকে পাচারের সময় ৫ টন চাল জব্দ
চাঁদপুরে মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফের ৫ মেট্রিক টন চাল পাচারের সময় উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিপণিবাগ এলাকা থেকে চালসহ একটি পিকআপ জব্দ করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন জানিয়েছে,আজ বিকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা ছিল। এ জন্য দুপুরে চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে এসব চাল নেওয়া হয়। কিন্তু লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে চাল না নিয়ে আগেই বিক্রি করে দেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা। চালগুলো এক ব্যবসায়ীর কাছে লক্ষাধিক টাকায় বিক্রি করে দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ী চালগুলো লাকসামে নিয়ে যাচ্ছিলেন।
খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচ টন চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।
চালের ক্রেতা পরিচয় দেওয়া ইউনুস জানান, ‘লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে পাঁচ মেট্রিক টন চাল কিনেছি। দুপুরে খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর সেগুলো জেলার বাইরে পাঠাচ্ছিলাম। তবে পথে আলীগঞ্জ এলাকা থেকে প্রশাসনের নির্দেশে চালের গাড়িটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।’
অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম বলেন, ‘গোডাউন থেকে চালগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসার কথা ছিল। কিন্তু পরে খবর পাই চালগুলো অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। চাল বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাকে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না।’
আই/এ