২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল ইউএস-বাংলার
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ইউএস-বাংলার বিএস ৩৮১ ও বিএস ৩৮২ নম্বর ফ্লাইটের চলাচল ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। নতুন সময়সূচি নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
এ অবস্থায় যাত্রীদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ফ্লাইটের সর্বশেষ অবস্থা, নতুন করে টিকিট বুকিং এবং অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র অথবা ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, রিয়াদের বর্তমান পরিস্থিতির কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে সৌদি আরবের রাজধানী অভিমুখী মোট ১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের যাত্রী ছিলেন মোট তিন হাজার ৪৩১ জন।
এর আগে রোববার হুথিদের হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। বিমানবন্দর বন্ধ থাকায় একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।
এসি//