আন্তর্জাতিক

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক নোটিশে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন। এ সময় পুলিশের হাতে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক না হয়েও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিবাসন আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করে নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৪৩ বছর বয়সী এই অভিনেতা বলিউড তারকা আমির খানের ভাগনে। বিক্ষোভে তার সঙ্গে অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও মামাতো বোন জেন মেরি খানও উপস্থিত ছিলেন। বিক্ষোভের সময় তাদেরও আটক করা হয়েছিল।

এ ঘটনায় গত ১২ অক্টোবর বিজেপি নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে অভিযোগ করেন।

পরে সোমবার তিনি দাবি করেন, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। বিক্ষোভে তার অংশগ্রহণের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সোমাইয়া। তার অভিযোগ, এই আন্দোলনের মাধ্যমে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে মুসলিমবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়ে থাকতে পারে।

সোমাইয়া আরও জানান, ইমরান খানকে তলব করে তার নাগরিকত্ব-সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের দাবি জানিয়েছেন তিনি। পুলিশও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি করেন বিজেপির এই নেতা।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন