আইন-বিচার

আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমী জানান, জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সিয়ামকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া তার অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

সিয়াম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন গেল বছরের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন।

তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়।

চলতি বছরের ১৭ জুন আদালত সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। সাক্ষ্যগ্রহণ এবং দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন