রাজনীতি

দুর্গাপূজায় নিরাপত্তাবলয় তৈরির জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু সব প্রচেষ্টা প্রতিহত করতে সরকার এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় তৈরি করার জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের পক্ষে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন এবং দলের পক্ষ থেকে জাতীয় কমিটি করে পূজা কমিটির সঙ্গে  যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে। নেতা-কর্মীদের বলা হয়েছে, মণ্ডপ কমিটির সাথে নিয়মিত যোগাযোগ করতে, পাহারার ব্যবস্থা করতে এবং তাদের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা করতে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের উদ্দেশে তিনি বলেন, সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। আর এর প্রসারের জন্য যিনি কাজ করেন, তিনি অত্যন্ত মহতী ব্যক্তি বলে আমি মনে করি। এই স্কুলে এসে, বিস্তৃত মাঠ দেখে আমার সেটাই মনে হয়েছে। আমি তাকে সম্মান জানাই, যারা নিজেদের পেশাগত জীবনে অবদান রেখেছেন কিন্তু নিজের এলাকাকে ভুলে যাননি। এলাকায় উন্নয়নে পাশে ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ।

তিনি আরও বলেন, এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাস বেশি। এখানে খন্দকার আবু আশফাক আপনাদের এমপি। এখানকার হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অত্যন্ত প্রিয় তিনি। এখানকার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সাথে নিজেকে সম্পৃক্ত করেন। আমি এ কারণে মনে করি, আসন্ন দুর্গাপূজা অত্যন্ত নিরাপদ ও নিরাপত্তাময় করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন