রাজনীতি

সমালোচনাকেও ইশরাক ভাই সাধুবাদ জানাবেন এবং নিজেকে শুধরে নিবেন: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার প্রশংসা করলেও আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করার ঘটনায় ওঠা সমালোচনাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি মনে করেন, সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করে ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত ইশরাকের।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ইশরাক হোসেন একজন তরুণ উদীয়মান নেতৃত্ব। তিনি রাজপথে সংগ্রাম করে সারাদেশের নেতাকর্মীদের মন জয় করার মাধ্যমে প্রতিমন্ত্রীর আসনে বসেছেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি বাংলাদেশকে মনেপ্রাণে ধারণ করেন। তাকে আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রবল উদ্দীপনা নিয়ে প্রতিবাদ করতে দেখেছি।’

‘আজকে মাদকবিরোধী অভিযানে তার জোরালো অবস্থান অবশ্যই প্রশংসনীয়। তবে মাদক সেবীদের আক্রমণের আশঙ্কার হাত থেকে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করা নিয়ে অনেকে সমালোচনা করছে। আশা করি, এই সমালোচনাকেও ইশরাক হোসেন ভাই সাধুবাদ জানাবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে শুধরে নিবেন, ইনশাআল্লাহ।’

রাশেদ খাঁন আরও লেখেন, ‘তবে বাস্তবতা হলো, মাদকসেবীরা জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাদের চেনে না, অনেকসময় মাদকের ঘোরে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, মাসখানেক আগে গাজীপুরে মাদক কারবারিরা পাথর ছুঁড়ে পুলিশকে আক্রমণ করে আসামি ছিনতাই করে নিয়ে যায়।’

‘আমি মনে করি, আরও সচেতন থেকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনতাকে সাথে নিয়ে ইশরাক হোসেন ভাইয়ের আসনে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক উদ্যোগ অবশ্যই জনগণের কাছে প্রশংসনীয় হবে।’

তিনি লেখেন, ‘তবে আজকের সমালোচনার বিষয়টুকু নিয়ে ইশরাক হোসেন ভাই স্পষ্ট করেছেন যে, তিনি পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং মাদকসেবীরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তিনি তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলেছেন।’

‘মাদক যেভাবে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে এবং ১৬ বছর ধরে পুলিশ-প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ভূতদের অভিযান পরিচালনায় যেভাবে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে, তখন জনগণের কাছে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধের বিকল্প খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে! তবুও একজন জনপ্রতিনিধি হিসেবে, তিনি ভবিষ্যতে আরও সতর্ক থেকে জনদাবি আদায়ে কাজ করবেন বলে আমার ধারণা।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন