রাজনীতি

জিয়াউর রহমান ফাউন্ডেশন জনগণের কল্যাণে গঠিত মানবিক প্রতিষ্ঠান: রিজভী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কেবল রাজনৈতিক ভাবধারার সংগঠন নয়, বরং সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গড়ে ওঠা একটি মানবিক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রতিকূল পরিস্থিতি ও ফ্যাসিবাদের দুঃশাসনের মধ্যেও সামাজিক দায়িত্ব পালনে পিছপা হয়নি জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দমন-পীড়নের সময়েও জেডআরএফ চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের মতো জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে অধিকার আদায়ের আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে সংগঠনটি।

এসময় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।

রিজভী বলেন, রোগের প্রাদুর্ভাব ঠেকাতে মাঠপর্যায়ে সরকারের নেওয়া পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দ্রুতই এসব স্বাস্থ্য সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, সদস্য, চিকিৎসক এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন