জাতীয়

সরকারের নয়, জনগণের স্বার্থে কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

তথ্য কমিশন কোনো সরকার কিংবা বিশেষ ব্যক্তির স্বার্থে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা, কমিশনের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের জন্য প্রতিষ্ঠানটির দ্বার উন্মুক্ত করাকে প্রাথমিক অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার। এ সময় তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন ও এসএএম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

নারী হিসেবে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে নাহরিন ইসলাম খান বলেন, নারী হিসেবে দায়িত্ব পাওয়া আনন্দের হলেও কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে জেন্ডারের চেয়ে দায়িত্বই বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সব জেন্ডারের মানুষ যেন সমানভাবে অগ্রাধিকার পান, সেটিই নিশ্চিত করা প্রয়োজন।

গত ১৭ বছরে তথ্য কমিশনের কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় এগোয়নি উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে কমিশন উল্লেখযোগ্য কাজ করতে পারেনি। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় নিয়োগও দেওয়া হয়নি। নতুন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য কমিশনের কাজ ও দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। অথচ তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অতীতে তথ্য কমিশন কার্যকর ভূমিকা রাখতে না পারলেও নতুন কমিশনের প্রথম লক্ষ্য হবে মানুষকে এর কার্যক্রম সম্পর্কে জানানো। পাশাপাশি কীভাবে সহজে তথ্যের অধিকার প্রয়োগ করা যায়, সে বিষয়েও জনগণকে সচেতন করা হবে। কমিশনে সাধারণ মানুষের প্রবেশাধিকার সহজ করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সব মানুষের জন্য তথ্য কমিশনের দরজা খোলা থাকবে। যেকোনো ধরনের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করবে। কোনো বিশেষ ব্যক্তি কিংবা সরকারের স্বার্থকে প্রাধান্য না দিয়ে জনগণের অধিকার রক্ষাই হবে কমিশনের মূল লক্ষ্য।

এ সময় তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান বলেন, এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে বক্তব্যলেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন তিনি। গত ১৭ বছরে তথ্য কমিশনের উল্লেখযোগ্য কার্যক্রম না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে কীভাবে জনগণের কল্যাণে কার্যকর করা যায়, তা গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

তথ্য পাওয়ার অধিকার কেবল গণমাধ্যমকর্মীদের জন্য নয়, বরং দেশের সব মানুষের অধিকার বলে উল্লেখ করেন মাহফুজুর রহমান। তিনি বলেন, তথ্যের স্বচ্ছতা, নিষ্ঠা ও সঠিক প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে সামাজিক কল্যাণ, জনগণের মঙ্গল এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে চায় কমিশন।

জনগণের তথ্যপ্রাপ্তি নিয়ে প্রত্যাশা পূরণে কমিশন সক্রিয়ভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং তথ্যপ্রবাহের ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা করাই কমিশনের অঙ্গীকার।

কমিশনের কার্যক্রম শুরুর বিষয়ে মাহফুজুর রহমান জানান, রোববার থেকেই কাজ শুরু হয়েছে বলে ধরে নেওয়া যায়। অভ্যন্তরীণ প্রস্তুতি সম্পন্ন করে জনগণের কাছে ফিরে আসবে কমিশন। মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন