বিরোধী দলের পর, সরকার হিসেবেও বিএনপি ব্যর্থ হয়েছে : নাহিদ
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। বিরোধী দলে থাকার সময় ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় তারা আবারও ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সিটিং এমপি গোপালগঞ্জে যেতে পারছে না। পুরো দেশের আইন-শৃঙ্খলা ব্যর্থ প্রমাণ হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আওয়ামী লীগের বিচার, এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, বর্তমান বিএনপির সরকার গত আট মাসে আওয়ামী লীগ ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের সকল কার্যক্রম স্থবির করে রেখেছিল। তারা নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে, তারা নির্বাচনে জিতেছে। এখন আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। এখন তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না। এই জাতীয় ঐক্য কিন্তু বিএনপি বারবার ভঙ্গ করেছে।
তিনি বলেন, বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।পানিসম্পদ মন্ত্রী বলছেন, তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তার কোনো উত্তর পাননি। এখন তিনি বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপড়ের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। ৫ আগস্টে তারা এই সুযোগ হারিয়েছে।
আই/এ