ইশরাকের পর সেই ঘুন্টিঘর এলাকায় এসআরবি-ডিএনসির যৌথ অভিযান
রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০। এর আগে গতকাল ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনায় আলোচনায় আসেন ইশরাক হোসেন। পরে সমালোচনার মুখে আজ তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির ঢাকা দক্ষিণের উপ পরিচালক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘুন্টিঘর রেলস্টেশন, মুন্সিরটেকসহ মাদকপ্রবণ হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে মামলা করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। তবে বারবার অভিযান চালিয়েও এলাকাগুলো পুরোপুরি মাদকমুক্ত করা কঠিন হয়ে পড়েছে।
আনোয়ার হোসেন বলেন, এসব এলাকায় মাদকসেবী ও কারবারিদের অনেকে ভাসমান। তারা হঠাৎ এসে মাদক কেনাবেচা বা সেবন করে আবার চলে যান। অভিযানের সময় যাদের পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গেলে আবারও অনেকে সেখানে ফিরে আসেন।
ঘুন্টিঘর এলাকায় স্থায়ী নজরদারির জন্য পর্যাপ্ত জনবল না থাকাকে বড় চ্যালেঞ্জ বলে জানান এ ডিএনসি কর্মকর্তা।
আই/এ