অর্থনীতি

ফের স্বর্ণের দামে স্বস্তি

কখনো দাম বাড়ছে, কখনো কমছে। দেশের বাজারে স্বর্ণের দামে চলছে এমন ওঠানামা। এবার স্বস্তির খবর ক্রেতাদের জন্য। আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ অক্টোবর ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। নয় দিনের ব্যবধানে আবারও দাম কমায় দুই দফায় এই মানের স্বর্ণের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৪ হাজার ৯৫৭ টাকা।

গত ১৩ অক্টোবর ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ১১৬ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন