স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ১১৪৯

দেশে গেল ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৪৯ জন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে একজন এবং বরিশালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৫৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জন মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৬৪ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত সংক্রমণের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৬৯৫ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন