রাজধানী

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

রাজধানীর দক্ষিণ বাড্ডার অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় সনদ ছাড়া পণ্য তৈরি ও বিক্রির দায়ে ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’কে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (০৪ নভেম্বর) বাড্ডা থানার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির ব্রেড, বিস্কুট ও কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করে কোনো বৈধ সনদ পাওয়া যায়নি। পাশাপাশি কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের প্রমাণ মেলে।

এসব অপরাধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

বিএসটিআই জানিয়েছে, মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন