হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে এক হাজার ৩২৭ জন। যার মধ্যে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২২০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে ৪৩২ জন। এছাড়া চট্টগ্রামে ২৪৯, সিলেটে ১৬৪, বরিশালে ১২৮, খুলনায় ৯১, ময়মনসিংহে ৯২, রংপুরে ২০ ও রাজশাহীতে ৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
চলতি বছর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৪৭৫। যার মধ্যে ২৪ হাজার ২১৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে দুই লাখ এক হাজার ১৫৩ জন।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৪ জন, চট্টগ্রামে ১১৪, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
এমজে/এ