পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, সন্দেহভাজনের বাড়িতে মিলল আরও ৩ মরদেহ
পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ক্রাকোভের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে। সামরিক পোশাক ও অস্ত্র নিয়ে একটি গাড়িতে করে সেখানে পৌঁছান হামলাকারী। এরপর জনসমাগমপূর্ণ এলাকায় উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান তিনি।
হামলায় নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। তাদের মধ্যে তিনজন পোল্যান্ডের নাগরিক এবং একজন যুক্তরাজ্যের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
আহত ১৬ জনের মধ্যে অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের পাঁচজন নাগরিক রয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালিয়ে দুই নারী ও এক পুরুষের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তিনজন হামলাকারীর পরিবারের সদস্য।
এদিকে হামলার পর ক্রাকোভসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ওয়ারশসহ অন্যান্য শহরেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এ ঘটনার পর আগামী ১১ নভেম্বর পর্যন্ত ক্রাকোভে শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় সন্দেহভাজনের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তার গুলিবিনিময় হয়। একপর্যায়ে তাকে আটক করা হয়। ২৫ বছর বয়সী ওই পোলিশ নাগরিক বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার গাড়ি থেকে অতিরিক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরভিনস্কি জানান, প্রাথমিক তদন্তে সন্দেহভাজনের মধ্যে উগ্র ডানপন্থী মতাদর্শ ও চরম জাতীয়তাবাদী বিশ্বাসের প্রভাব থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন না।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক হামলার ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। এ ঘটনায় হামলাকারীকে কেউ সহযোগিতা করে থাকলে তাদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএ//