মহেশখালীতে আরও ৩টি এলএনজি টার্মিনাল করবে সরকার
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।
রোববার (০৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তিনি জানান, মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে।
মুখ্য সচিব আরও জানান, মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ শেষ হলে দেশের আমূল পরিবর্তন আসবে।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করতে কাজ করছে।
পরিদর্শন ও ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসি//