জাতীয়

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে এ আবেদন করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এল।

রয়টার্স জানিয়েছে, তাদের হাতে ওই চিঠি এসেছে।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

চিঠিতে আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদের বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তিরও অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

রয়টার্সকে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে। এর আগে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান তিনি।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি বার্তা সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। তবে তার প্রত্যাবর্তন ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

এদিকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতোই ভারতে কিংবা অন্য দেশে অবস্থান করছেন। অনেকে রয়েছেন কারাগারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন